ঢাকা মেডিকেলে অস্ত্র নিয়ে মহড়া: আটক ৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ মঙ্গলবার রাতে তিনজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।  আটক তিনজনের মধ্যে রাজু নামের একজন ঢাকা মেডিকেল কলেজের ঠিকাদার। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের কাছে একটি পিস্তল ও একটি শটগান পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে অস্ত্রগুলি লাইসেন্স করা।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে হাসপাতালের কর্মচারী মনোয়ারা বেগমের ছেলে ইয়ার হোসেনের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির যুগ্ম সম্পাদক বাবুর কথা কাটাকাটি হয়। রাত ৮টার দিকে ইয়ার হোসেনের পক্ষে প্রায় ৩০ জনকে সঙ্গে নিয়ে বহির্বিভাগ চত্বরে জড়ো হন রাজু। এসময় তাঁরা বাবুকে খুঁজতে থাকেন। একপর্যায়ে মেডিকেল কর্মচারীরা রাজুসহ তিনজনকে ধরে পুলিশের কাছে তুলে দেন।
রাত সাড়ে ১০টার দিকে তিনজনকে শাহবাগ থানায় আনা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিল হোসেন জানান, দুই পক্ষের মধ্যে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। কারণটি খতিয়ে দেখা হচ্ছে।