মঙ্গলবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে বাস উল্টে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিষা গ্রামের বুলবুলের শিশুকন্যা সাদিয়া (৩) ছাড়া অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি বি এম ইমদাদুল হক জানান, নাবিল এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে নাটোরের লালপুর যাচ্ছিল। গোজা ব্রিজ এলাকায় অন্য একটি বাসকে জায়গা দিতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। তিনি বলেন, “ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করেছি। অন্তত ২০ জনকে বিভ্ন্নি হাসপাতালে পাঠানো হয়েছে।” তবে ঘটনাস্থলে দায়িত্বপালনকারী সলঙ্গা থানার ওসি আব্দুস সালাম বলেন, “হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বাসে থাকা স্বজনরা তিনজনের লাশ নাটোরের দিকে নিয়ে যায়।”