“সারাবিশ্বকে বলছি, বিক্রি যেখানেই করুন না কেন, (পণ্য) তৈরি করুন ভারতে। তা তৈরির দক্ষতা ও প্রতিভা আমাদের রয়েছে।“ এটিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেইক ইন ইন্ডিয়া’র বক্তব্য। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিনিয়োগ আকর্ষণে নিজের এই কর্মসূচির পরিকল্পনা তুলে ধরেন বিজেপি নেতা।
আগামী বৃহস্পতিবারের তিনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ভারতকে বেছে নেওয়ার আহ্বান জানাবেন এক অনুষ্ঠানের মাধ্যমে। ওই দিন নয়া দিল্লিতে ‘মেইক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের নতুন প্রধানমন্ত্রী মোদী। নরেন্দ্র মোদীর ‘মেইক ইন ইন্ডিয়া’ প্রচার কর্মসূচির সময় ঢাকায়ও এক আয়োজন রেখে ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তাদের জড়ো করছে ভারতীয় দূতাবাস। আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গুলশানের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের এই আয়োজনে অংশ নিতে attcom1@hcidhaka.gov.in এই ঠিকানায় ই-মেইল পাঠাতে হবে।
ভারতে বাংলাদেশি নাগরিকের বিনিয়োগের সুযোগ কাজে লাগানো কতটুকু সম্ভব এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ এফ এম মাহফুজ জানান, বাংলাদেশ নিজেই বিদেশি বিনিয়োগ প্রত্যাশী। তাছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের দেশের বাইরে বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের বিধি-নিষেধ রয়েছে।