নওগাঁয় যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

 
গত কয়েক দিনে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে পানির ঢলে নওগাঁয় ছোট যমুনার পানি বিপদসীমার ১৫.৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহরের খলিসাকুড়ী থেকে রামভদ্রপুর পর্যন্ত নদীর পূর্ব বাঁধে মঙ্গলবার রাতে পাঁচটি স্থানে ফাটল দেখা দিয়েছে।
ফাটল দেখতে পেয়ে স্থানীয়রা রাতেই বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষা করার চেষ্টা করেছে। এতে প্রায় ১০ হাজার একর জমি তলিয়ে যাওয়াসহ ১০/১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাঁধের ওপর বসবাসরত প্রায় ৪০/৫০টি পরিবার আতঙ্কে রয়েছে। ইতোমধ্যে অনেকের গাছ-পালা নদীর মধ্যে ভেঙে পড়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিনে থেকে টানা বর্ষণে হঠাৎ করে উজান থেকে পানি নেমে আসে। এতে ছোট যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় খলিশাকুড়ী হতে রামভদ্রপুর পর্যন্ত নদীর পূর্ব বাঁধে পাঁচটি স্থানে ফাটল দেখা দেয়। এ ঘটনা জানতে পেয়ে মসজিদে মসজিদে মাইকিং করে রাতেই স্থানীয়ভাবে বস্তা সংগ্রহ করে বালি ভরে ফাটল স্থানে দেয়। এতে বাঁধ রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ড নওগাঁর নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন পানি বিপদ সিমার ১৫.৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সত্যতা নিশ্চি করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে সে জন্য বাঁধ রক্ষায় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।