খালেদা জিয়াই পালাবার পথ খুঁজে পাবেন না : হানিফ

 
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে যে ষড়যন্ত্র শুরু করেছেন তা প্রতিহত করা হলে তিনি নিজেই বিদেশে পালানোর পথ খুঁজে পাবেন না। বুধবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
এর আগে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাকে গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ নেই, ফখরুদ্দিন-মঈনউদ্দীনও ভয় দেখিয়ে ছিল। আমাকে দেশ থেকে বের করতে পারেনি। এই সরকারের গ্রেফতারের হুমকিতে আমি ভয় পাই না। আমাকে বন্দী করার আগে নিজেদের পথ পরিষ্কার করে রাখবেন। পালানোর ভিসা রেডি করে রাখবেন। কারণ তখন পালানোর পথ থাকবে না। জনগণ, দেশের আলেম-ওলামা, সাধারণ মানুষ আপনাদের রাস্তা বন্ধ করে দেবে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের নেতা। সেজন্য শেখ হাসিনা নয় খালেদা জিয়াকেই দেশ ছেড়ে পালানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখা উচিত।
তিনি বলেন, দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে বিএনপি-জামায়াত তাদের বিদেশি প্রভুদের সহায়তায় আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের উদ্দেশ্য হলো যে কোন উপায়ে ক্ষমতা দখল করা।
হানিফ বলেন, সাবেক প্রধানমন্ত্রী হয়ে এতিমদের অর্থ আত্মসাৎ করা শুধু খালেদা জিয়ার জন্য নয়, যে কোন রাজনীতিবিদের জন্য লজ্জাজনক। সেজন্য তার উচিত হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হয় নিজেকে নির্দোষ প্রমাণ করা, না হয় রাজনীতি থেকে বিদায় নেয়া।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে’ শীর্ষক আলোচনা সভায়র আয়োজন করা হয়।