ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম: শাবিতে ধর্মঘট

উত্তম কুমার দাশ নামের এক নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ছাত্রলীগ। বুধবার রাতে হামলার শিকার উত্তমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র উত্তম ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

ছাত্রলীগ অভিযোগ করছে উত্তমের ওপর হামলাকারীরা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী। এই অভিযোগের বিষয়ে শিবিরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জালালাবাদ থানার ওসি আকতার হোসেন সাংবাদিকদের বলেন, “হামলার বিষয়টি আমরা জেনেছি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
হামলার সময় উত্তম কুমারের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বিজিত লাল দাস সাংবাদিকদের বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মা মণি রেস্টুরেন্টের সামনে অন্যদের সঙ্গে উত্তম বসেছিল। এই সময় তিন-চারটি মোটর সাইকেলে করে  আট-দশ জন এসে উত্তমকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের মধ্যে কয়েকজন মুখোশ পরিহিত ছিল।”
বিজিত লাল হামলাকারীদের শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী বলে দাবি করেন, কিন্তু তিনি তাদের কারো নাম জানাতে পারেননি। ছাত্রলীগ নেতা বিজিত দাস বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলকে পুঁজি করে শিবির এই হামলার চালিয়েছে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় জানান, উত্তমের ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার বুকে ও গলায় কোপ লেগেছে। ছাত্রলীগকে নির্মূল করতে এটা জামায়াত-শিবিরের পরিকল্পিত হামলা বলে দাবি করেন অঞ্জন।
হামলার প্রতিবাদে রাত ১১টা থেকে এক ঘণ্টা ক্যাম্পাস সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধ চলাকালে রাত সাড়ে ১১টার সময় বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘটের ঘোষণা দেন অঞ্জন রায়।