তিন দিনের মধ্যে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক সংস্কার কাজ শুরু না করলে ২৮ সেপ্টেম্বর থেকে এ পথে বাস চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। গতকাল বুধবার রাতে এ রুটে চলাচলকারী দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট পরিবহন কোম্পানির সভাপতি মুক্তার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-নারায়ণগঞ্জ ভায়া পাগলা-পোস্তগোলা একটি ব্যস্ততম রুট। এ সড়ক দিয়ে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলার প্রায় ৪০০ বাস-মিনিবাস চলাচল করে। এ ছাড়া ৩০০ ট্রাক, কাভার্ড ভ্যান ও অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘ দিন ধরে সড়কটি সংস্কার না করায় প্রতিদিনই কোনো না কোনো গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে। আনন্দ পরিবহনের বাসগুলো সিএনজিচালিত হওয়ায় রাস্তার গর্তে পড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে। সমস্যা সমাধানে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার তাগাদা দেওয়ার পরও কোনো কাজ হয়নি। তাই নিরূপায় হয়ে তারা ঘোষণা করেছে যে, ২৭ সেপ্টেম্বরের মধ্যে সড়কটির কাজ শুরু না করলে ২৮ সেপ্টেম্বর থেকে এ রুটে আনন্দ পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।