খুলনার বটিয়াঘাটায় ময়লার স্তুপে সন্তান প্রসব করলেন এক গর্ভবতী। বুধবার সন্ধ্যায় বটিয়াঘাটা বাজারে ডাক্তার সুশান্ত কুমার রায়ের বাড়ির দরজার সামনে এই ঘটনা ঘটে।
দেবীতলা গ্রামের ওমর আলী তার স্ত্রী মুর্শিদার প্রসব বেদনা উঠলে দ্রুত বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত নার্সরা রোগিকে দেখাবার জন্য থানা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুশান্ত রায়ের নিকট প্রেরণ করেন। সুশান্ত রায় তখন বটিয়াঘাটা বাজারে নিজ বাড়িতে চেম্বারে বসে রোগী দেখছিলেন। ওমর আলী তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের দরজায় দাঁড়িয়ে থেকে ডাক্তারকে সংবাদ দেন। তার বের হতে বিলম্ব হওয়ায় রোগীর প্রসব বেদনা বেড়ে যায়। উপায় না দেখে স্বামী রোগীকে নিয়ে পাশেই ময়লার স্তুপের ওপর রেখে একটি কাপড় দিয়ে আড়াল করে ধরেন। এসময়ই একটি সন্তানের জন্ম হয়।
বিষয়টি জেনে উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান ডাক্তার সুশান্ত রায়ের নিকট যান এবং ঘটনাটি সম্পর্কে ডাক্তার এবং নার্সদের অবহেলার কারণ দ্রুত জানাতে বলেন।
এ ব্যাপারে ডাক্তার সুশান্ত রায় বলেন, কখন তার দরজার কাছে রোগী এসেছে তা তার জানা নেই। তবে নার্সদের উচিত ছিল কর্তব্যরত ডাক্তারদের ডেকে রোগীকে দেখানো।