'চলতি অর্থবছরে দেশে প্রবৃদ্ধি বাড়বে, মূল্যস্ফীতি কমবে'

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বাড়বে এবং বার্ষিক মূল্যস্ফীতি কমবে।
বৃহস্পতিবার ঢাকায় এডিবির কার্যালয়ে বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে এডিবি। 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৪' শীর্ষক প্রতিবেদনটি সারা বিশ্বে একযোগে প্রকাশ করেছে এডিবি।
প্রতিবেদনে বলা হয়, চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের সম্ভাব্য জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। বিগত ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ ছিল ৬ দশমিক ১ শতাংশ। এবার সেটি দশমিক ৩ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করছে এডিবি।
এছাড়া বার্ষিক মূল্যস্ফীতি বিগত অর্থবছরের ৭ দশমিক ৪ শতাংশ থেকে কমে চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশে এসে দাঁড়াতে পারে।