আত্রাইয়ে বাঁধ ভেঙে ৫০ হাজার মানুষ পানিবন্দী

 
আত্রাই-নওগাঁ পাকা সড়কের মির্জাপুর নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আত্রাই উপজেলার সাথে নওগাঁ জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে প্রায় ৩০টি গ্রামের  ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে হয়েছে।
আত্রাই নদীর পানি বিপদসীমার প্রায় ১০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, পাঁচুপুর, মনিয়ারী ইউনিয়নসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে আত্রাই-বান্দাইখাড়া, সাহেবগঞ্জ- মালিপুকুর, আত্রাই-পতিসর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ/সড়ক এবং কাশিয়াবাড়ী ও সাহেবগঞ্জ স্লুইসগেট হুমকির সম্মুখিন। বন্যাকবলিত এরাকায় ৩ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এছাড়াও এলাকার বিভিন্ন পুকুর ডুবে লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। বন্যাকবলিত অসংখ্য মানুষ বাড়ি-ঘর ছেড়ে উঁচু কোন বাঁধে খোলা আকাশের নিচে মানবেদর জীবন করছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি বলেন, আর কোন জায়গায় যেন বাঁধ না ভাঙ্গে এ জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন সবসময় তত্পর রয়েছে।