ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয়েছে জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র দুই সদস্য। তারা হলেন, মো. আসিফ আদনান (২৬) এবং ফজলে এলাহি তানজিল (২৪)। এরা দু’জনই দেশের দুই প্রভাবশালী পরিবারের সন্তান বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ বিফ্রিংয়ে মনিরুল ইসলাম বলেন, এরা দুই জন নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তবে তিনি তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি।
অপর একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসিফ আদনানের পিতা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি। তিনি বর্তমানে অবসরে রয়েছেন। আদনান দীর্ঘদিন ধরে হুজির হয়ে কাজ করছে। আলকায়েদা নেতা জাওহিরির সমপ্রতি প্রকাশিত ভিডিও দেখে তারা অনুপ্রাণিত হয়েছিল। তারা সিরিয়ার নূসরা ব্রিগ্রেডে প্রশিক্ষণ শেষে বাংলাদেশে আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) নেটওয়ার্ক গড়ে তুলতে চেয়েছিল। এজন্য সে তবলিগ জামায়াতের মাধ্যমে তুরস্ক হয়ে সিরিয়া যেতে চেয়েছিল তারা।
অপরদিকে অপর জেএমবি সদস্য ফজলে এলাহি তানজিলের মা একটি মন্ত্রণালয়ের (ওএসডি) যুগ্ম সচিব। তিনি সর্বশেষ খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। তানজিল একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করেছেন। মনিরুল ইসলাম বলেন, ‘সেগুনবাগিচা ও রমনা এলাকা থেকে বুধবার দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহমুদ নাসের জনি বলেন, বাংলাদেশে আল-কায়েদা নেটওয়ার্ক শক্তিশালী করতে তাদের এক সহযোগী যুক্তরাজ্য থেকে এসে এদেশে অবস্থান করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে বলে জানান তিনি|