বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০ দলীয় জোটের দু’তিনটি শরিক দল থেকে কয়েকজন লোভে পড়ে চলে গেছে। তারা লোভ-লালসার শিকার। তারা চলে যাওয়ায় জোটের কোনো ক্ষতি হবে না, জোটে কোনো ভাঙ্গণও ধরেনি, ২০ দলীয় জোট অক্ষুণ্ন রয়েছে। বরং যারা চলে গেছে তারাই কয়েকদির পর রাজনীতির মূল স্রোতধারা থেকে হারিয়ে যাবে।
জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলন-২০১৪ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘খালেদা জিয়াই পালানোর পথ পাবে না’- আওয়ামী লীগের এক নেতার এই বক্তব্যের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বেগম জিয়া কখনো দেশ ছেড়ে পালাবেন না। দেশ ছেড়ে পালানোর অভ্যাস আছে শেখ হাসিনার।’
বাস্তুহারা দলের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।
বাস্তুহারা দলের নতুন কমিটি
কাউন্সিলে শরীফ হাফিজুর রহমান টিপুকে সভাপতি ও খন্দকার ওয়াহেদুল আলমকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের ৬ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক এম এ হান্নান, আসাদুজ্জামান, নুর আলম এবং মীর আব্দুল হালিম।