বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ‘ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সরকার গুম-খুনের মতো কর্মকাণ্ড চালাচ্ছে। রাষ্ট্রীয় শক্তি পরিকল্পিতভাবে খুন ও গুমের রাজত্ব তৈরি করেছে।’ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘গুমরাজ্যে প্রত্যাবর্তন গণতন্ত্রের শবযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এ দেশে গুম-খুনের ঘটনা নতুন নয়। স্বাধীনতার পর থেকেই গুম, খুন চলে আসছে। অবিলম্বে এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘গুম-খুন অবসানে বিরোধীদলের অনেক বেশি দায়িত্ব রয়েছে। সবাইকে গুম-খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে।’
আলোচনা সভায় বত্তারা বলেন, জনবিচ্ছিন্ন ক্ষমতাসীন সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে গুম-খুনের মত অপকর্ম করছে। তারা বলেন, বর্তমানে মানুষ ঘরে থাকলে খুন হচ্ছে, বাইরে গেলে গুম হচ্ছে। দ্রুত এই অবস্থার অবসান হওয়া দরকার। সভায় রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপি একাংশের চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ূয়া প্রমূুখ।