মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মাটিকাটা শ্রমিক স্বামী পরিত্যক্তা মাবিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলার তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—দায়িরাপুর গ্রামের সামসুল আলম, জাব্বার হোসেন ও সুরুজ আলী।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩ জুলাই রাতে মুজিবনগর উপজেলার দায়িরাপুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী মাঠে মাবিয়া খাতুনকে ধর্ষণ শেষে হত্যা করা হয়। পরদিন তার বড় ভাই বাছেদ আলী বাদি হয়ে উক্ত তিনজনকে আসামি করে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। আদালতের নির্দেশে আসামিদের মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।