ড. সাইফুলের স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে ঢাবিতে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ

 
যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হওয়া থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (নাট্যকলা) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামের স্থায়ী চাকরিচ্যুতের দাবিতে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বাম সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌন নিপীড়কদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় না বলেই যৌন হয়রানির ঘটনা বার বার ঘটছে। নাট্যকলা বিভাগে যে ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ করে আসলেও প্রশাসনকে এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বক্তারা বলেন, আজকে আমাদের আন্দোলন ছোট পরিসরে হচ্ছে বলে প্রশাসনের টনক নড়ছে না। প্রশাসন আজ নিশ্চুপ। তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ সময় বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। একই সাথে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকেও অব্যাহতি দেয়া হয়েছে। তবে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ঐ শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী চাকরিচ্যুতের দাবি জানিয়ে সাত দিনের আলটিমেটাম দেয়া হয়। গত সোমবার শেষ হয় এ আলটিমেটাম। আলটিমেটামের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় ফের নানা কর্মসূচি দিয়েছে তারা। একই দাবিতে গত রোববার ক্যাম্পাসে ড. সাইফুল ইসলামের কুশপুত্তলিকা দাহ, সোমবার দুপুরে ভিসির অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।