সাংবাদিক পান্না বালা জামিন পেলেন

স্ত্রী জয়ন্তী সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন একটি জাতীয় দৈনিকের ফরিদপুর প্রতিনিধি পান্না বালা। এক মাস ২৪ দিন কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্ত হয়েছেন তিনি।

১৭ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ ঠাকুরের যৌথ বেঞ্চ পান্না বালার জামিন দেন। সেই আদেশনামা গতকাল ফরিদপুরের নারী ও শিশু আদালতে বেলা ১১টায় পৌঁছে। বেলা দেড়টার দিকে ওই আদেশের কপি জেলগেটে পৌঁছালে পান্না বালা জেল থেকে বের হন।
পান্না বালার আইনজীবী উৎপল মুখার্জি জানান, গত ২৬ আগস্ট ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে পান্না বালার জামিনের আবেদন জানালে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করেন। পরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করলে বিচারপতিরা তাঁর জামিন মঞ্জুর করেন।
১ আগস্ট সকালে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার বাসা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ জয়ন্তী সরকারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতেই জয়ন্তীর বড় ভাই মনোজ সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় পান্না বালাসহ তাঁর মা ও বোনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ নিজ বাসা থেকে পান্না বালাকে গ্রেপ্তার করে।