ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর-বৈখরহাটি সড়কটি প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ। বৃষ্টির পানি জমে নানা স্থানে খানাখন্দে তৈরি হয়েছে। ফলে সড়কের অনেক স্থানে ডোবার মতো সৃষ্টি হয়েছে। এতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে গৌরীপুরের তিনটি ইউনিয়ন ও নেত্রকোনা জেলার তিনটি উপজেলার কয়েক হাজার মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুরের পূর্বাঞ্চলের অচিন্তপুর, মাওহা, সহনাহাটি ও বোকাইনগর ইউনিয়নের লক্ষাধিক মানুষের উপজেলা শহরে যোগোযোগের একমাত্র সড়ক এটি। কিন্তু তিন বছর আগে সড়কটির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১২ কিলোমিটার অংশ সংস্কার করা হলেও পৌরসভার আওতাধীন দুই কিলোমিটার অংশ সংস্কার করা হয়নি। ফলে ওই দুই কিলোমিটারের অবস্থা বেশি খারাপ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গৌরীপুর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, পৌরসভার অংশসহ সড়কটি সংস্কারের প্রস্তাব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে সংস্কারকাজ করা হবে। গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সড়কটি সংস্কারের ব্যাপারে বলেন, ‘এলজিইডির নির্মিত সড়ক সংস্কার করার দায়িত্ব এলজিইডিরই। পৌরসভার অংশের দুই কিলোমিটার সংস্কার করাও তাদের দায়িত্ব। আমি এলজিইডির সঙ্গে যোগাযোগ করে সংস্কারের ব্যবস্থা করার চেষ্টা করব।’