গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সদর, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা থেকে তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন সন্ধ্যায় গাজীপুরে টঙ্গীর দেওড়া এলাকার একটি ধানখেত থেকে অজ্ঞাত এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, সদর উপজেলার পুরাতন সৈয়দপুর এলাকা থেকে গতকাল সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাতেমা বেগমের (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফাতেমা শহরের পুরাতন সৈয়দপুর এলাকার সৌদি আরবপ্রবাসী বাবুল মিয়ার স্ত্রী। মনিকা ও শাহাদাৎ নামের তাঁদের দুটি সন্তান রয়েছে। এসআই জানান, পরকীয়ার ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় ফাতেমা আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটের লেখাটি ফাতেমার কি না, তা যাচাই করা হচ্ছে। তাঁর মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
আড়াইহাজার থানার এসআই জাহিদ হোসেন জানান, দুপুরে আড়াইহাজার উপজেলার মুকুন্দী গাজীপুরা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় থাকা সানজিদা আক্তার শান্তা (১৩) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর উদ্ধার করেছে পুলিশ। সানজিদা ওই গ্রামের দুবাইপ্রবাসী আবুল হোসেনের মেয়ে। পারিবারিক কলহের জের ধরে সে নিজের কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সানজিদা স্থানীয় মুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
রূপগঞ্জ থানার এসআই আনিছুর রহমান জানান, সকালে উপজেলার যাত্রামুড়া এলাকার সোনালী পেপার মিলের সামনে একটি মালবাহী ট্রাক থেকে মহিরাল আলী শেখ (৫৮) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। মহিরাল আলী সিরাজগঞ্জ সদর উপজেলার একঢালা এলাকার মৃত আবদুল জব্বার শেখের ছেলে। মালবাহী ট্রাকের ওপর থাকা অবস্থায় বিদ্যুতের তারে জড়িয়ে মহিরাল আলীর মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
টঙ্গী থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকটি শিশু টঙ্গীর দেওড়া এলাকার মা আমেনা পোশাক কারখানার দক্ষিণে আক্কর আলীর টেক এলাকার একটি জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় পাশের ধানখেতে তারা এক নারীর লাশ দেখে এলাকাবাসীকে জানায়। টঙ্গী থানার এসআই অচিন্ত্য দেবনাথ জানান, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা ওই নারীর লাশটি ধানখেতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।