মুন্সীগঞ্জে অপহৃত যুবলীগ নেতার লাশ উদ্ধার

লৌহজংয়ে অপহৃত যুবলীগ নেতা রফিকুল ইসলামর রফিকের লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় একটি চিতাখোলার পাশের ধইঞ্চার জমি হতে হাত-পা বাঁধা ও পায়ের রগকাটা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে ঢাকায় যাবার সময় বাড়ির কাছে রাস্তা থেকে অপহৃত হন যুব লীগের ওই নেতা। এই ঘটনায় এলাকায় উত্তেজানা বিরাজ করছে।
লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, লৌহজং উপজেলা যুব লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক (৩২) বৃহস্পতিবার সকালে অপহৃত হন। কাজির পাগলা চিতাখোলার ঘরের সামনে থেকে বিকালে রফিকের ব্যবহৃত সেন্ডেল ও অহরণকারীদের ব্যবহৃত ৩টি মুখোশ জব্দ করা হয়। সেখানে ছোপ ছোপ রক্তের দাগ দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক প্রতি দিনের মত বৃহস্পতিবার ঢাকার ইসলামপুরের কর্মস্থলে যাওয়ার পথে বাড়ির প্রায় দেড় শ’ মিটার দূরের কাজীর পাগলা কাদের সড়ক থেকে সকাল সাড়ে ৮টায় ওৎ পেতে থাকা একটি মাইক্রো বাসে কৌশলে তাকে তুলে নেয়। মাইক্রোবাসটি মাওয়ার দিকে নিয়ে যায়। পরে সকাল ১০টার সাদা রংয়ের মাইক্রোটিকে আবার চন্দ্রেরবাড়ি সড়ক দিয়ে কাজীর পাগলার চিতাখোলায় নিয়ে যায়। অপহরণের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের নির্জন চিতাখোলা থেকে পরে আবার একটি নৌকায় করে মৌছামান্দ্রার দিকে রফিককে নেয়া হয় বলে ধারণা করা হয়।
প্রত্যক্ষদর্শী ভ্যান চালক রাজা মিয়া জানান, মাইক্রোটিতে কৌশলে তাকে উঠানো হয়। এটাত তার পূর্ব পরিচিত লোকজন ছিল। পরে মাইক্রোটিকে চিতাখোলায়ও যেতে দেখেছে কয়েক মহিলা। কিন্তু তখনও কেউ ঘটনা বুঝতে পারেনি। রফিকের সাথে পরিবারের লোকজনের দিনভর যোগাযোগ না হলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে জানানো হয়। ওসি জানান, এ ঘটনায় প্রত্যক্ষদর্শী কয়েক জনকে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানায়, মতিঝিলের ব্যবসায়ী কাদের হত্যা মামলার অন্যতম সাক্ষী আওয়ামী লীগ নেতা ও কাজির পাগলা গ্রামের মোবারক হোসেনকে ২০১২ সালে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে যুবলীগ নেতা রফিক মোবারকের পরিবারকে মামলা পরিচালনায় সহায়তা করে। ওই মামলার আসামিরা বিভিন্ন সময়ে রফিককে হুমকি ধমকি দিয়ে আসছিল। এসব নিয়ে গত ঈদের পরদিনও আসামি পক্ষের তাজুল ইসলাম ব্যাপারীর সাথেও ঝগড়া হয়। এ ঘটনার পর হতে মোবারক হোসেন হত্যা মামলার অন্যতম এক আসামি তার পরিবারসহ গা ঢাকা দিয়েছে। রফিককে অপহরণ করার পেছনে ঐ খুনের আসামি জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।