সংঘর্ষে শেরপুরে নিহত ২

নির্বাচনোত্তর সংঘর্ষে শুক্রবার শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নে এক আওয়ামীলীগ কর্মী ও এক জাপা কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন, ভাগল গড় গ্রামের হানিফউদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৫) ও মমতাজউদ্দিনের ছেলে আজেরউদ্দিন (৪০)।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচন নিয়ে আজ সকালে তর্ক বিতর্কের এক পর্যায়ে জাপা কর্মী আজেরউদ্দিন ধারালো অস্ত্র দিয়ে ফারুক মিয়াকে কুপিয়ে হত্যা করে। ফারুকের লাশ ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসী আজেরউদ্দিনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ফারুকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।