বিএনপি-জামায়াত শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত: হাছান মাহমুদ

 
 
 
 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামক একটি সংগঠনের উদ্যোগে ‘গণতন্ত্র, প্রগতি ও উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এ ষড়যন্ত্র সরকার বা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। এ ষড়যন্ত্র শেখ হাসিনাকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র। তাই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে ফেলতে হবে।
হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতির মাঠে বাস্তুহারা হয়ে গেছে। খালেদা জিয়ার মানুষ হত্যা ও জ্বালাও-পোড়াও রাজনীতির কারণেই দলের এই দৈন্যদশা। তিনি বলেন, ২০ দলীয় জোট ভেঙে যাওয়ার পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী এখনও বলেন জোট আছে এবং থাকবে। তার অবস্থা অনেকটা ‘ন্যাংটা পাগলের মতো হয়ে গেছে’।
আয়োজক সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম এমপি, সাংবাদিক জয়ন্ত আচার্য, আওয়ামী লীগের উপ-কমিটি সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।