আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এতদিন দেশি-বিদেশি জঙ্গি ও জামায়াত-শিবির মিলে শেখ হাসিনা সরকারকে উত্খাতের চেষ্টা করছিল। এখন তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আইএস জঙ্গি গোষ্ঠী। যা ইতিমধ্যে দেশিয় ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীরউত্তম খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচিত সরকারকে উত্খাত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সঠিক সময়। যারা নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে তাদের এখনই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে নামতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। দেশে দুর্গাপূজা ও ঈদ উত্সব প্রায় একসঙ্গে শুরু হয়েছে। এটা জাতীয় উত্সবে রূপ নিয়েছে। আর বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রকারীরা সামপ্রদায়িকতাকে উস্কে দিয়ে সামপ্রদায়িক সমপ্রতি নষ্ট করছে। বৃহস্পতিবার জামালপুর ও কিশোরগঞ্জে ৫-৭টি মূর্তি ভেঙে ফেলা হয়েছে। এগুলো কিসের আলামত? এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সর্তক থাকতে হবে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুণ চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।