২৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শুক্রবার মৃত্যুবরণ করলেন বগুড়ার গাবতলী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান মাহমুদ (৩৮)। হাসান মাহমুদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে সড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এএসআই হাসান মাহমুদ। এ সময় তিনি গাবতলীর সুখানপুকুর সেতুর কাছে মোটরসাইকেল আরোহী তিন দুষ্কৃতকারীকে থামানোর চেষ্টা করেন। এ সময় দুষ্কৃতকারীরা মোটরসাইকেলে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল ভোর সোয়া ছয়টার দিকে তিনি মারা যান। পুলিশ সুপার মো. মোজাম্মেল হক গতরাতে জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করা হবে।