‘নূর হোসেনকে দেশে আনতে আইনানুগ প্রক্রিয়া চলছে’

 
 
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের আইনানুগ প্রক্রিয়া চলমান ও তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।
শনিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভুলতা এলাকায় অত্যাধুনিক প্রযুক্তির আইপি ক্যামেরার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ খন্দকার বলেছেন, সাত খুনের ঘটনার তদন্ত একটি বিচারিক কার্যক্রম। বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব না। আমরা কী করেছি সেটার স্বচ্ছতা রয়েছে, আন্তরিকতারও কমতি নেই। সত্য উদঘাটন হবে, ইতিবাচক ফলাফল আসবে। 
আইজিপি বলেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার ও পুলিশ কাজ করছে। সীমাবদ্ধতার মধ্যেও দায়িত্ব পালনের জন্য যেখানে যতটুকু সুবিধা নেওয়ার সেটা চেষ্টা করছি। প্রযুক্তি নির্ভরতা বাড়াচ্ছি। প্রযুক্তির সুবিধা বৃদ্ধি না পেলে আধুনিক যুগে পুলিশি ব্যবস্থার উন্নত করা সম্ভব না। 
এসময় আইজিপির সঙ্গে ছিলেন পুলিশের ডিআইজি (ঢাকা রেঞ্জ) মাহফুজুল হক নুরুজ্জামান, ডিআইজি (অপরেশন) চৌধুরী আব্দুলাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর ) আসনের এমপি সেলিম ওসমান, জেলা প্রশাসক আনিছুর রহমান, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন,  প্রমুখ।