ঝিনাইদহের কালীগঞ্জে বোমাসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- উপজেলার জগনাথপুর গ্রামের শচিন দাসের ছেলে বাবুলদাস ও পাইকপাড়া গ্রামের মোশাররফ হোসেন ছেলে আবদুল খালেক।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুরাতন বাজারের হাটচাদনী ভবনে হোটেল শ্রমিকদের নিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার আলোচনা সভা করছিলেন। এসময় বাবুল ও খালেক দুইটি হাতবোমা নিয়ে মিটিংয়ে প্রবেশ করার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশের ধারনা নাশকতার উদ্দেশ্যে এই বোমাগুলি আনা হয়েছিল। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে খালেক, বাবলু দাস ও আসাদুল ইসলামসহ তিনজনকে আসামি করে বিস্ফোরফ দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছে আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এই বোমা নিয়ে ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ইতোপূর্বেও সন্ত্রাসীরা তাকে হত্যা করার জন্য কয়েকবার চেষ্টা চালিয়েছে।