৬৮ কোটি টাকার সাপের বিষসহ আটক ৫

 
জয়পুরহাটে ফ্রান্সের রেড ড্রাগন কোম্পানির ১২ পাউন্ড কোবরা সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের মূল্য ৬৮ কোটি টাকা।
আটককৃতরা হলেন- এনামুল, তোজাম্মেল হোসেন, মোত্তাসিন বিল্লাহ সোহাগ, মোতালেব হোসেন ও একেএম মুনসুর।
র‌্যাব-৫  রাজশাহী অঞ্চলের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল  মাহবুব আলম জানান, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বাঘপাড়া গ্রামের আবু দাউদের ছেলে ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে ১২ পাউন্ড কোবরা সাপের বিষসহ এনামুল, তোজাম্মেল হোসেন ও সোহাগকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জয়পুরহাট বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোতালেব ও মুনসুরকে আটক করা হয়।
তিনি আরো জানান, বিষগুলো শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে দেশে আনা হয়েছে এবং এখান থেকে চোরাই পথে অন্য দেশে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের। এ বিষয়ে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।