রাজধানীর মহাখালীতে সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে তরুণীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া, একটি বাসায় এএসপি পরিচয়ে চাঁদাবাজিকালে খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ একজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানার পুলিশ।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে নদী (২৫), ওয়াহিদুল (২৮) ও ফারুক (২৬) নামের তিন ব্যক্তি মহাখালীর নাবিস্কো এলাকার ‘মাল্টিস্পোর্টস’ নামের এক দোকানে যান। তারা সাংবাদিক পরিচয় দিয়ে সেখান থেকে বিভিন্ন সরঞ্জাম নেন। কিন্তু দাম পরিশোধ না করে উল্টো দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মাইক্রোবাসে করে পালিয়ে যাবার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে তাদের গুলশান-১ নম্বর গোলচত্বর থেকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান, ইমাম শাহাজাদা হোসেন ভাসানী ওরফে রনক জাহান নামের এক ব্যক্তি শুক্রবার রাতে তিলপাপাড়ার ৪৯৯ নম্বর বাসার ৫ম তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট গিয়ে বাসিন্দা কাওছার মিয়ার কাছে নিজেকে এএসপি পরিচয় দিয়ে বাসায় অবৈধ মালামাল থাকার কথা বলে ভয়-ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় কাওছার চাঁদা দিতে অস্বীকার করলে তার কাছ থেকে জোর করে পাঁচ হাজার টাকা নিয়ে নেয় শাহাজাদা। কিন্তু তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কাওছার তার দুই বন্ধুকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি জানান। তারা খিলগাঁও থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ইমাম শাহাজাদাকে গ্রেফতার করে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যান।