বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সমাজ-ভিত্তিক পর্যটন উন্নয়ন ধারণাটি নতুন কিছু নয়। তবে এটি কাজে লাগানো হবে পযর্টনের উন্নয়নে। মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যদি পযর্টন খাতে উন্নয়ন করতে পারে তবে আমরাও পারব।’ শনিবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রাজধানীর মহাখালীস্থ হোটেল অবকাশে ‘সমাজ-ভিত্তিক পযর্টন উন্নয়ন বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে তিনি এ সব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রী বলেন, ‘দেশের পর্যটন শিল্পকে বিশ্ব মানচিত্রে পরিচয় করিয়ে দিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে।’
মেনন বলেন, ‘আমাদের দেশে অনেক পর্যটক আসেন। তারা আমাদের দেশের মানুষকে অনেক পছন্দ করেন। কারণ আমরা অতিথি পরায়ণ।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র অধ্যাপক ড. রাশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান।