পশ্চিমবঙ্গে বেসরকারি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সারদা গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় আরও দুটি সংস্থার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন অর্থলগ্নিকারী সংস্থা এমপিএসের কর্ণধার প্রমথনাথ মান্না ও কেকেএনের কর্ণধার কৌশিক সেন। এঁদের মধ্যে প্রমথনাথকে শুক্রবার রাতে সারদা কেলেঙ্কারি তদন্তের জন্য রাজ্য সরকারের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশন তলব করে। কিন্তু প্রমথনাথ আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে কমিশনকে কোনো সদুত্তর দিতে না পারায় কমিশন কলকাতার হেয়ারস্ট্রিট থানায় খবর দিয়ে পুলিশের হাতে তাঁকে তুলে দেয়। প্রমথনাথের বিরুদ্ধে বাঁকুড়া ও কলকাতার লেক টাউন থানায় কয়েকটি প্রতারণার মামলা আছে।
অন্যদিকে কেকেএনের কর্ণধার কৌশিককে গতরাতে কলকাতার গোয়েন্দা পুলিশ দিল্লির দ্বারকা এলাকার একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেপ্তার করে । কৌশিক সেনের বিরুদ্ধেও কলকতার ভবানীপুর থানাসহ বিভিন্ন রাজ্যে কয়েকটি প্রতারণার মামলা আছে।