সাতক্ষীরা সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই সহোদর ভাই ও বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পথচারী। রবিবার সকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কে সদর উপজেলা সংলগ্ন নির্বাচন অফিসের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হল, শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার ব্যবসায়ী আব্দুল জলিলের ছেলে কলেজ ছাত্র মেহেদী হাসান তামিম (১৯) ও মেয়ে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তৌফিকা জামান রুহিনা (১১)।
এ ঘটনায় উত্তেজিত জনতা আধা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম তার ছোট বোন রুহিনাকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলা সংলগ্ন নির্বাচন অফিসের সামনে আশাশুনির দিক থেকে আসা পানির ট্যাংকবাহী একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আপন দুই সহোদর তামিম ও রুহিনা।
এ সময় উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।