গাজীপুরের কাশিমপুরের শ্রীপুর এলাকার মেগা ইয়াং ডাইং কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের সময় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অপূর্ব বলসহ পাঁচজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, রবিবার ভোর চারটায় ওই কারখানার নয় তলা ভবনের চার তলায় সুতার গুদামে আগুনের সূত্রপাত। মুর্হূতে তা ফ্লোরের আশেপাশে ছড়িয়ে পড়ে। কালিয়াকৈর, সাভারের ইপিজেড, টঙ্গীসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ছয় ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে গিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অপূর্ব বলসহ পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস আরো জানায়, আগুনে বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে জানানো সম্ভব নয়।