গণতন্ত্রের দাবিতে হংকংয়ে অসহযোগের ডাক

হংকংয়ে গণতন্ত্রের জন্য অসহযোগের ডাক দিয়েছেন ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের নেতা বেনি টাই। রবিবার ভোরে সরকারি সদরদফতরগুলোর সামনে হাজার হাজার বিক্ষোভকারী এসে জড়ো হয়। সেখানে তাদের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন। খবর বিবিসি, রয়টার্সের। চীনের হংকংয়ে ২০১৭ সালে পুরোপুরি গণতান্ত্রিক একটি নির্বাচনের দাবি ওঠে। কর্তৃপক্ষ এ ব্যপারটি বাতিল করে দেয়। ফলে এ মাসের শুরুতেই এ বিক্ষোভের দানা বেঁধে ওঠে।

IMG0
অকুপাই সেন্ট্রাল মুভমেন্টের কর্মীরা শনিবার ব্যারিকেড ভেঙে নগর কেন্দ্রে সরকারি ভবনগুলোর সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ৬০জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করার একদিন পরই এই অসহযোগ আন্দোলনের ঘোষণাটি এলো। প্রতিবাদের অংশ হিসেবেই অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন অকুপাই সেন্ট্রাল মুভমেন্ট-এর নেতা বেনি টাই।

IMG1
চীনের কমিউনিস্ট কর্তৃপক্ষের একজন বড় সমালোচক এবং ‘অকুপাই সেন্ট্রাল’ আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক প্রকাশনা ব্যবসায়ী জিমি লি বলেন, হংকংকে যারা ভালবাসেন তাদের উচিৎ আমাদের সঙ্গে যোগ দেয়া। হংকংয়ের ভবিষ্যতের জন্যই এ আন্দোলন।