ঢাবির ভর্তিপরীক্ষা ত্রুটিপূর্ণ, তাই পরীক্ষার্থীরা ফেল করেছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তিতে মাত্র দুইজন যোগ্য শিক্ষার্থী পাওয়ার বিষয়টিকে সমালোচনা করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিকেই ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাছাই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, এ জন্য পরীক্ষার্থীরা ফেল করেছে। এটা আমাদের বিষয় নয়, এটা তারা (ঢাবি কর্তৃপক্ষ) দেখবে।’ মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীদের সর্বনাশ করার এই পদক্ষেপ তারা (ঢাবি কর্তৃপক্ষ) বিবেচনা করবেন। কারণ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিপূর্ণ না, এটা কোনো পরীক্ষাই না। এটা পাস ফেলের না, এটা বাছাই পরীক্ষা। আমরা চাই তারা (ঢাবি কর্তৃপক্ষ) দায়িত্বশীল হবেন। ছেলে-মেয়েদেরও হেস্তনেস্ত করতে ফেল বলে প্রচার করেছেন? শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলার জন্য এটা করল? ছেলেমেয়েদের হতাশ ও নিরুত্সাহিত করা আমাদের কাজ নয়।’ রবিবার এক প্রেস বিফ্রিংয়ে মন্ত্রী এ সব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা না করলে প্রয়োজনে আইন পরিবর্তন করব, তবে এখনই এটা করতে চাই না। ছেলে-মেয়েদের ভবিষ্যত্ নষ্ট করবেন না। হটকারী সিদ্ধান্ত নিয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেবেন না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি জোর দিয়ে বলছি— শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। তবে রাতারাতিই বিশ্বমান অর্জন করা যাবে না, এটা ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার। শুধু পাস বেশি করছে না, শিক্ষার মানদণ্ডও বাড়ছে। বেশি পাস করার মধ্যে অপরাধ কী? বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিপূর্ণ জ্ঞান যাচাইয়ের পরীক্ষা না। কঠিন প্রশ্নে ভালো ছাত্ররাও তার জ্ঞানের বিকাশ ঘটাতে পারবে না।’