সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের হাকডাক নিয়ে আওয়ামী লীগের কোনো দুশ্চিন্তা নেই। মাথাব্যথা নেই বেগম খালেদা জিয়ার গরম গরম ভাষণ নিয়েও। আন্দোলনের ব্যর্থতাসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে হতাশা রয়েছে। তাদের বক্তৃতা বিবৃতির মাধ্যমে এই দীর্ঘ হতাশারই বহিঃপ্রকাশ ঘটছে।’
রবিবার নরসিংদী সফরকালে পাঁচদোনার মোড়ে সাংবাদিকদের সাথে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী ফিরোজ ইকবাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ মুছা, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগ, নরসিংদীর নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার খুকীসহ সেতু ও সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।