নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে: মির্জা ফখরুল

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অত্যাচার নির্যাতন চালিয়ে অতীতে কোন শাসক জনগণের গণআন্দোলনকে দমাতে পারেনি। তাই বর্তমান সরকারও পারবে না। জনগণের তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।
রবিবার বিকালে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)এর  ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের জিয়া স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছেন, বিএনপি জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট। প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও তার স্বভাবসুলভ মিথ্যাচার করছেন। তার এ বক্তব্য বিএনপি ও দেশের ভাবমূর্তি ক্ষুণে্নর অপপ্রয়াস। বিএনপি শেখ হাসিনার এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাসেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, ভিপি সাইফুল ইসলাম, মতিউর রহমান ডিজেল প্রমুখ।