গরু বিক্রেতাদের নিয়ে আওয়ামী লীগ-বিএনপি টানাটানি, আহত ৪

 
 
কোন হাটে নামবে গরু এই নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। এতে চারজন আহত হয়েছেন। রাজনীতিবিদদের এমন কার্যকলাপে অসহায় হয়ে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা। হাট নির্বাচনের ক্ষেত্রে তাদের ইচ্ছার কোনো মূল্য দেয়া হচ্ছে না।
রবিবার শহরের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ট্রলারে করে আসা কোরবানির গরু জোর করে নিজ হাটে নামানোর চেষ্টা করে আওয়ামী লীগ নেতারা। এতে বিএনপি নেতারা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষের সময় উভয় দলই আগ্নেয়াস¿ প্রদর্শন করেছে।
জানা গেছে, শীতলক্ষ্যা নদীর তীরে ‘শীতলক্ষ্যা কোল্ড স্টোর’ সংলগ্ন সিটি করপোরেশনের নিজস্ব ভূমিতে অবস্থিত হাটটি ডেকে নিয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ। অন্যদিকে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামের অস্থায়ী পশুর হাট ৪০ লাখ ২৫ হাজার টাকায় ইজারা নিয়েছেন মো. হাসান আহমেদ। গত কয়েকদিন ধরেই জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামের অস্থায়ী পশুর হাটের ইজারাদার হাসান আহমেদের ক্যাডাররা নিতাইগঞ্জ ও শীতলক্ষ্যা ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে তাদের হাটের জন্য জোরপূর্বক গরুবোঝাই ট্রলার নামাচ্ছিল। রবিবার বিকেল তিনটায় শীতলক্ষ্যা কোল্ড স্টোর হাটের ইজারা পাওয়া আওয়ামী লীগের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময়ে হাসান আহমেদ এর লোকজন প্রকাশ্যে অস¿ উচিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দিলে বেশ কিছু সময় সংঘর্ষ চলে। এ বিষয়ে হাটের ইজারাদার হাসান আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নাসিকের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর কামরুল হাসান মুন্না জানান, শীতলক্ষ্যা নদীতে ট্রলার বোঝাই গরু নামানোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার খবর শুনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ঘটনাস্থলে এসে দু’পক্ষকে নিয়ে শীতলক্ষ্যা ইউনিয়নে অবস্থিত শহীদ বাপ্পী স্মৃতি সংসদ কার্যালয়ে সমঝোতা বৈঠকে বসেন। পরে আমাকেও ডেকে নিয়ে আসেন। তিনি উভয়পক্ষের বক্তব্য শুনে সমঝোতা করে দেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর শুনে ওই এলাকায় গিয়ে দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসে বিষয়টির সমাধান করে দিয়েছি।  নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের পিপিএম জানান, এ ধরনের ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। তবে খোঁজ খবর নেয়া হচ্ছে।