রুনির বহিষ্কারে সায় ফন গলের

 
ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনি লাল কার্ড পেলেও তাতে কোনো অভিযোগ নেই তার কোচ লুই ফন গলের। যদিও শনিবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলাটিতে এরপরও ২-১ ব্যবধানে জয়ী হয় ইউনাইটেড।
রুনি ৫৯ মিনেটে প্রতিপক্ষ দলের খেলোয়াড় স্টুয়ার্ট ডাওনিংকে ফাউল করায় রেফারি লি ম্যাসনের কাছ থেকে লাল কার্ড পান। ক্যারিয়ারে এ নিয়ে ষষ্ঠবারের মতো এ শাস্তি পেলেন তিনি। ২০০৪ সালে এভারটন থেকে ম্যান ইউতে আসার পর এ নিয়ে তিনবার লাল কার্ড দেখলেন রুনি। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে লাল কার্ড পেয়েছেন দু’বার।
কোচ ফন গল বলেন, ‘এটা সঠিক কার্ড। আমি আন্দাজ করতে পারি, কেন সে এমনটা করেছিল।’ এই কার্ডের ফলে পরবর্তী তিনি খেলায় অংশ নিতে পারবেন না রুনি। ডাচ এই কোচ আরো বলেন,‘এটা হবে নিদারুন এক মিস। কেননা সে অনেক ভাল খেলছিল এবং তার খেলায় আমি খুবই সন্তুষ্ট ছিলাম।’
এভারটন থেকে ম্যান ইউতে আসার ১০ বছর পূর্তির এক দিন আগে লাল কার্ডটি দেখলেন রুনি। লাল কার্ড পাওয়ায় ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার যে তিনটি খেলায় অংশ নিতে পারবেন না তার একটির প্রতিপক্ষ হলো চেলসি। —বিবিসি।