রোববার এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানিয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ অক্টোবর থেকে ড্রপ হওয়া ভয়েস কলের জন্য তাদের গ্রাহকদের ৬০ সেকেন্ড ক্ষতিপূরণ দেবে। গ্রামীণফোনের গ্রাহক পাঁচ কোটি হওয়ায় প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।
গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্ক বলেন, ‘পাঁচ কোটি গ্রাহকের অসাধারণ মাইলফলক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে গ্রামীণফোন। আমাদের শক্তিশালী নেটওয়ার্কের ওপর সবাই যেন আস্থা রাখতে পারেন, সে জন্য আমাদের নেটওয়ার্কের আওতায় যেসব গ্রাহক ফোনকল ড্রপের সম্মুখীন হচ্ছেন তাঁদের সেই ড্রপ হওয়া কলের জন্য ৬০ সেকেন্ড ক্ষতিপূরণ দেওয়া হবে। এটি ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য একটি বিশেষ উপহার।’
নতুন এ অফার গ্রামীণফোনের সব কলের জন্য প্রযোজ্য। প্রতি কল ড্রপে ৬০ সেকেন্ড ক্ষতিপূরণ দেওয়া হবে (দিনপ্রতি সর্বোচ্চ ৩০০ সেকেন্ড ক্ষতিপূরণ)। সব গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন। এজন্য কোনো নিবন্ধনের প্রয়োজন নেই। ক্ষতিপূরণ দেওয়া হলে গ্রামীণফোন একটি এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেবে। পোস্টপেইড গ্রাহকেরা তাঁদের মাসিক বিলের সঙ্গে ক্ষতিপূরণ পাবেন।