নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে দুইজনের মৃত্যু

 
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে ফরহাদ ও শাহাদাত নামে দুইজনের মৃত্যু হয়েছে। এতে নাজির ও সুমন নামে আরো দুইজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে বন্দরের আলীনগর এলাকাতে আবদুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।
বন্দর থানার এস আই শেখ সাদি জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে সকালে ভেতরে প্রবেশ করে দুইজন শ্রমিক। তারা গ্যাসে অসুস্থ হয়ে পড়লে পরে আরো দুইজন প্রবেশ করে। এক পর্যায়ে চারজনই গুরুতর অসুস্থ হলে তাদেরকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।