মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি সিএনজি স্টেশনে আগুন লেগে স্টেশনের নজেল ম্যান দেলোয়ার হোসেন (৪৫) নামে এক কর্মচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল এলাকায় রুমি ফিলিং এন্ড সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি উপজেলার ঢাকিজোড়া তাড়াইল এলাকায়। আহতদের মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ঘিওর উপজেলার ষ্টেশন মাস্টার জিহাদ মিয়া জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি অটো রিক্সা বিস্ফোরিত হলে আগুন লেগে পাশে একটি রক্ষিত সিলিন্ডার কক্ষে আগুন ছড়িয়ে পরে। এতে ওই কক্ষে থাকা নজেল ম্যান দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আহসান জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।