ব্রোঞ্জের কাছাকাছি নারী কাবাডি দল

 
 
এশিয়ান গেমস নারী কাবাডিতে কোনো অঘটন না ঘটলে নারী কাবাডিতে বাংলাদেশের ব্রোঞ্জ পদকটি অনেকটাই নিশ্চিত। সোমবার বাংলাদেশ সময় ভোরে ইনচনে নারী কাবাডিতে নিজেদেও গ্রুপের শেষ ম্যাচে কোরিয়াকে ৩০-১৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। কাবাডির সেমিফাইনালের টিকিট পাওয়া মানেই ব্রোঞ্জ পদক নিশ্চিত।
কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশ একটি বোনাস পয়েন্টও পায়নি। অথচ কোরিয়া বোনাস পয়েন্ট পেয়েছে ১২টি। এখানেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে দারুণ খেলেছে স্বাগতিক কোরিয়া। তবে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে তারা।

আগের দিন রবিবার ভারতের কাছে হেরেছে বাংলাদেশের নারী কাবডি দল। সেখানেও বোনাস পয়েন্ট তুলতে ব্যর্থ হন শাহনাজ পারভিন মালেকা, শারমিন সুলতানা, ফাতেমা আক্তার, শাহীন আরা, রুপালী আক্তাররা। কোরিয়ার বিরুদ্ধে খেলা শেষে প্রশ্ন উঠলো কেন বোনাস পয়েন্ট পাচ্ছে না বাংলাদেশ। খেলোয়াড়রা জানালেন, তাদের অনুশীলনের সুযোগ সুবিধার অভাব। নিজেদের গড়ে তোলার জন্য যে ধরনের সুবিধা থাকা দরকার। তা নেই। অধিনায়ক মালেকা এবং রুপালীদের কণ্ঠে সেকথাই উচ্চারিত হলো। তারা বললেন, আমাদের জিম নেই। আমরা জিমনেসিয়ামে যেতে পারি না বলে শারীরিক কাঠামো অনেক দুর্বল। জিম করলে মাংশ পেশিগুলো আরো উন্নত হয়।’