ভারতের তামিলনাড়ু রাজ্যে এআইএডিএমকে প্রধান ও এ রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী জয়ললিতার কারাদণ্ডের খবর শুনে শনিবার সন্ধ্যা থেকে ছয়জন আত্মহত্যা করেছে। এছাড়া আরো ১০ জন হার্ট অ্যাটাকে মারা গেছে। এদিকে এই খবরে আরো দুজন নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে।
পুলিশের ভাষ্যমতে, জয়ললিতার কারাদন্ডের খবরে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুনিভেলি, শিবাগঙ্গাই, তিরুচি ও এরোদে থেকে একজন করে মোট ছয়জন আত্মহত্যা করে।
জয়ললিতার রায়ের খবর শুনে শনিবার শিবাগঙ্গাই জেলায় ৭০ বছরের সুব্রমানিয়াম বিষপানে আত্মহত্যা করেন। তিরুচাই জেলায় এ ঝনশা নামের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। চেন্নাইয়ে ভেংকিটেশান নামের এক ইলেকট্রিশিয়ান গায়ে আগুন লাগিয়ে প্রথমে আহত ও পরে হাসপাতালে মারা যায়। কাঞ্চিপুরমে ৫০ বছরের এএন বাবু নামের একজন গলায় ফাঁস দিয়ে এবং তিরুনিভেলিতে ৪৮ বছর বয়সী এআইএডিএমকে’র কর্মী চলন্ত বাসের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। এছাড়া এরোদেতে লক্ষণ নামের অপর আরেকজন আত্মহননের পথ বেছে নেয়। খবর বাসসের।