আফগানিস্তানে প্রায় এক যুগ পর নতুন প্রেসিডেন্ট

গত এপ্রিল মাসে আফগানিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী হন আশরাফ গনি। গতকাল সোমবার তিনি আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। নির্বাচনের পর ফল জালিয়াতির অভিযোগ নিয়ে টানা ছয় মাসের একটি অচলাবস্থা বিরাজ করছিল আফগানিস্তানে। প্রেসিডেন্টের শপথের মধ্য দিয়ে সে অবস্থার অবসান হলো। সেইসঙ্গে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতার হস্তান্তর হলো।

গতকাল তাঁর শপথ অনুষ্ঠানে ১০০ জনের মতো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শপথ নেওয়ার পর গনি তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহর ভূয়সী প্রশংসা করেন। আর চুক্তি অনুযায়ী নতুন তৈরি করা পদ প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নেওয়া আবদুল্লাহ বলেছেন, গনিকে সঙ্গে নিয়ে তিনি ‘একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশ্বস্ততা ও সততা’র সঙ্গে কাজ করবেন।
রাজধানী কাবুলে গতকালের শপথ অনুষ্ঠান শুরু হয় বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাষণের মধ্য দিয়ে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে তালেবান সরকারের পতনের পর থেকে গতকাল পর্যন্ত দেশের প্রেসিডেন্টের পদে থাকা কারজাই এ সময় নতুন সরকারকে সমর্থন দিতে জনগণের প্রতি আহ্বান জানান।