আজ শিল্পীদের উদ্যোগে ফিরোজা বেগমের স্মরণসভা

গানবাংলা টেলিভিশনের আয়োজনে সদ্যপ্রয়াত কিংবদন্তি নজরুলসঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের স্মরণসভা অনুষ্ঠিত হবে আজ বেলা ৫টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে।

ফিরোজা বেগমকে নিয়ে সর্বস্তরের শিল্পীসমাজ এদিন শিল্পীকে স্মরণ করবেন। এই আয়োজন প্রসঙ্গে গান বাংলার কর্ণধার ও স্মরণসভার উদ্যোক্তা কৌশিক হোসেন তাপস বলেন, ‘একজন শিল্পী হিসেবে নৈতিক দায়িত্বের জায়গা থেকেই আয়োজনটি করছি। আমাদের দেশের সঙ্গীতের অন্যতম অভিভাবক ছিলেন তিনি। আমাদের মিডিয়ার মানুষদের গুণীজনদের খুব দ্রুত ভুলে যাওয়ার বদভ্যাস থাকে। সেটা যেন না হয়, তাই তার গান, কর্মজীবন নিয়ে আমার মনে হয় বাত্সরিকভাবে নিয়মিত কিছু করা প্রয়োজন।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সংস্কৃতিজন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এছাড়া আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আসাফ উদ দৌলা, মসীহ উদ দৌলা, কামাল লোহানী, আজাদ রহমান, শামসুজ্জামান খান, সৈয়দ আবদুল হাদী, সেলিনা হোসেন, সাদিয়া আফরিন মল্লিক, ইয়াসমীন মুশতারী, খায়রুল আনাম শাকিল, সুজিত মোস্তাফা, হামিন আহমেদ, শাফিন আহমেদ প্রমুখ।