পবিত্র হজ ও তাবলিগ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ এবং প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কটুক্তির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের ফুডকোর্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দুঃখপ্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্র বিএনপি অবিলম্বে মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছে। অন্যথায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ঘেরাও এবং নিউইয়র্কে কনস্যুলেট অফিস ঘেরাওয়ের হুমকি দিয়েছেন বিএনপি নেতারা।
অন্যদিকে লতিফ সিদ্দিকীর এ ধরনের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও এটি তার ব্যক্তিগত মত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
IMG0
প্রবাসীদের ‘কামলা’ আখ্যায়িত করে লতিফ সিদ্দিকীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে লতিফ সম্রাট বলেন, প্রবাসীরা এখানে কাজ করে খান। মন্ত্রীর মত দেশে থেকে দুর্নীতি আর চুরি করে খায় না। প্রবাসীরা রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে না।
সংবাদ সম্মেলনে লতিফ সম্রাট অবিলম্বে মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে সংবিধানে এখনো রাষ্ট্রধর্ম ইসলাম। অথচ মন্ত্রী হয়েও লতিফ সম্রাট হজ, তাবলিগ ও মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি করেছেন।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম, আজাদ বাকির, যুবদল নেতা এম এ বাতিন, ছাত্রদল নেতা আতাউর রহমান আতা প্রমূখ।
সংবাদ সম্মেলন শেষে জ্যাকসন হাইটসের ৩৭ রোডের ডাইভার সিটি প্লাজায় বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি। এসময় যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ বলেন, লতিফ সিদ্দিকীর বক্তব্য উস্কানিমূলক। তার এই কটুক্তির কারণে দেশে দাঙ্গার সৃষ্টি হতে পারে। এজন্য তাকে মন্ত্রিসভা থেকে বহিস্কার ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এদিকে বিএনপির সংবাদ সম্মেলন এবং বিক্ষোভের পরই জ্যাকসন হাইটসে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, হজ ও তাবলিগের ব্যাপারে মন্ত্রীর বক্তব্য একান্তই ব্যক্তিগত মতামত। মন্ত্রীর বক্তব্যকে অনভিপ্রেত উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রীর বক্তব্য ধর্মপ্রাণ মানুষের মনে অত্যন্ত আঘাত হেনেছে।
এ প্রসঙ্গে ড. সিদ্দিকুর রহমান বলেন, মন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে তিনি অনুষ্ঠান বর্জন এবং প্রতিবাদ করেছেন।
সংবাদ সম্মেলনে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্ত্রীর বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে ড. সিদ্দিকুর রহমান বলেন, সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। এটা সর্বজনবিদিত। তিনি শুধু পরিকল্পনার সঙ্গে জড়িত এবং পরিকল্পনা বাস্তবায়ন করে সরকার। সজীব ওয়াজেদ জয় শুধু শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তবিষয়ক উপদেষ্টা। তিনি তারেক রহমানের মত সন্ত্রাসী ও দুর্নীতিবাজ নয়। তারেকের মত প্যারালাল সরকার চালান না। মন্ত্রী সে কথাটাই বোঝাতে চেয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমাস সাজ্জাদ। এসময় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আবুল কাসেম, সামসুদ্দিন আজাদ, লুৎফুল কবীর, আব্দুস সামাজ আজাদ, হোসেন সোহেল রানা, কাজী আজিজুল হক খোকন, সাখাওয়াত বিশ্বাস প্রমুখ।