নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫, আটক ৬

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ট্রাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ৫জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়কে যান চলাচল বন্ধ করে ট্রাক রেখে লোড আনলোডের সময়ে পুলিশ একটি গাড়িতে রেকার লাগালে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, বিল্লাল হোসেন, আলামিন, অপু, হৃদয়, বিল্লাল হোসেন ও আলম মন্ডল। তারা সবাই ট্রাক শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিতাইগঞ্জে ট্রাক এলোপাথাড়ি রেখে দেওয়ার কারণে সেখানে প্রায় সময়েই যানজট সৃষ্টি হওয়ায় পঞ্চবটিতে ট্রাক স্ট্যান্ড করে দিয়েছে সিটি করপোরেশন। শুধুমাত্র লোড আনলোড করতে রাস্তার পাশে ট্রাক রাখার বিধান থাকলেও মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি জসিমউদ্দিনের মালিকানাধীন জসিম ট্রেডার্সের শ্রমিকেরা সড়কে ট্রাক রেখে মালামাল আনলোড করছিল। পরে পুলিশ এসে ওই ট্রাকটিতে রেকার লাগাতে গেলে শ্রমিকেরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশের কাজে বাধা দেয়ার কারণে ৬জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।