বন্যপ্রাণী সংরণ আইনের একটি মামলায় নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম এই রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ মে নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালায় নারায়ণগঞ্জ পুলিশ। সেখান থেকে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখিসহ প্রায় ৪১ প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকা রেঞ্জের বন কর্মকর্তা মো. ফজলুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। নূর হোসেন বর্তমানে ভারতের কলকাতার একটি কারাগারে বন্দী আছেন।