নরসিংদীর বেলাবতে চাঞ্চল্যকর কাজল হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার নরসিংদী জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শাহীন মিয়া ও আলী হোসেন। তবে দোষী প্রমাণ না মামলার অন্য আসামি আক্তার হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সনের ২০ জানুয়ারি রাতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব মধ্যপাড়া গ্রামের সিএনজি চালক কাজল মিয়াকে, আসামি শাহীনের শ্বশুরবাড়ি চরবেলাব গ্রামের আব্দুল হেকিম মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে এনার্জি ড্রিকস এর সাথে ঘুমের ওষধ মিশিয়ে পান করিয়ে অচেতন করে এবং পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ উজিলাব গ্রামের হাজী আবুল খায়ের ভূইয়ার কাঠ বাগানে ফেলে রাখে। সেখান থেকে পুলিশ রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
এব্যাপারে কাজল মিয়ার বড় ভাই গোলাপ মিয়া বাদী হয়ে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে বেলাব থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহীন মিয়া ও আলী হোসেনকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করে এবং আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এড. ন.ম. রুহুল আমিন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. সৈয়দ বদিউজ্জামান।