সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ৫ বাড়িতে গণডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিক সদর উপজেলার কামারবাসা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ৫ বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ২০ ভরি সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। পরে গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।
সাতক্ষীরা সদর উপজেলার কামারবাসা গ্রামের পুলিশ কনেস্টবল বিধান চন্দ্র মন্ডল জানান, রাত অনুমান ১ টার দিকে ১৪/১৫ জনের একদল সশস্ত্র ডাকাত পুলিশ পরিচয় দিয়ে তার বাড়িতে আসে। পুলিশের কথা শোনার পর ঘরের দরজা খোলার সাথে সাথে তারা ভিতরে পবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। একই ভাবে পুলিশ পরিচয়ে ডাকাতরা গ্রামের শংকর মন্ডল, দিপঙ্কর মন্ডল, রনজিত্ মন্ডল ও অনকুল মন্ডলের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে লুট পাট করে। ডাকাতরা ৫ বাড়ি থেকে ২০ ভরি ওজনের সোনার গহনা, নগদ ২ লাখ টাকা ও ৭টি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে গ্রামবাসী ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা ও ১ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান জানান, তিনি নিজে ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থাল পরির্দশন করেছেন। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচেছ। ইতিমধ্যে পুলিশ অনেকটা এগিয়েছে।