রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভার মেয়র ও পৌর জামায়াতের আমীর অধ্যাপক মাজিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে মতিহার থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জামায়াতের হরতাল চলাকালে নগরীর বিনোদপুর এলাকায় মতিহার থানার তত্কালীন ওসি আব্দুল মজিদ মিয়ার ওপর হামলা ও সরকারি কাজে বাধা দানের মামলায় মাজিদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। পর্যায়ক্রমে ওইসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান ওসি ।
এদিকে মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর জামায়াতের কর্মপরিষদের বৈঠক শেষে এক বিবৃতিতে অধ্যাপক মাজিদুর রহমানকে গ্রেফতারের নিন্দা এবং তারসহ সকল দলীয় নেতাকর্মীর মুক্তি দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, দলের মহানগর কমিটির ভারপ্রাপ্ত আমরি অধ্যাপক এম নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে মহানগর সেক্রেটারী জেনারেল আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, রাজনৈতিক সেক্রেটারী এ্যাডভোকেট আবু মুহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।